দেশে আজ শিক্ষার্থীর চেয়ে পরীক্ষার্থী বেশি: ভিসি জহিরুল হক
ফাইজা রাফা
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ৮:৪০ অপরাহ্ণদেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, দেশে আজ শিক্ষার্থীর চেয়ে পরীক্ষার্থী বেশি। অনেকেই শেখার চেয়ে কোনো রকমে একটি পরীক্ষা দিয়ে সনদ অর্জন করে নিজেদের উচ্চ শিক্ষিত হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু সনদসর্বস্ব শিক্ষা ব্যক্তি, সমাজ, দেশ বা বিশ্বসমাজের কোনো কাজে লাগে না। অপরদিকে প্রজ্ঞা ও জ্ঞানের অনুশীলননির্ভর শিক্ষা ব্যক্তিকে দক্ষ করে তোলে। বিশ্বে আজ মানব সম্পদের চেয়ে দক্ষতাসম্পন্ন মানবসম্পদের চাহিদা দিন দিন বাড়ছে। এদিকটির উপর গুরুত্ব না দিয়ে আমাদের দেশে শ্রেনীকক্ষে কেবল সমস্যা নিয়ে গতানুগতিক পদ্ধতিতে তাত্ত্বিক বক্তৃতা হয়। সমস্যা সমাধান করার কৌশলটি হাতে কলমে শিখানো হয় না। ফলে ছাত্র-ছাত্রীরা কোনো একটি বিষয়ে দক্ষ না হয়ে পরীক্ষা খাতায় পাতার পর পাতা লিখে কোনো রকমে একটি সনদ অর্জন করে। যে সনদ দিয়ে তার স্বপ্ন পূরন হয় না। এজন্য শ্রেনীকক্ষে নিয়মিত পাঠদানের পাশাপাশি সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষনের আয়োজন করতে হবে।
সমস্যা নিয়ে আলোচনার চেয়ে সমস্যা সমাধানের কৌশল নিয়ে শিক্ষক-শিক্ষার্থীর মিথস্ক্রিয়া হতে হবে। যা আমরা মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অনুসরন করি। ফলে আমাদের গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। যারা চাকুরী করছেন না; তারা অর্জিত জ্ঞান দিয়ে সফল উদ্যোক্তা হয়ে হাজারো মানুষের কর্মসংস্থান করেছেন। এটিই আমাদের সফলতা। আমরা এ ধারা অব্যাহত রাখতে চাই।
গত ১০ আগস্ট বিকেল ৪ টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি বিজনেস স্টুডেন্টস ফোরাম (এমইউবিএসএফ) আয়োজিত ৭ দিন ব্যাপী বিজনেস সোসিওগ্রাফি শীর্ষক কর্মশালার সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এ কথা বলেন।
এমইউবিএসএফ এর সভাপতি সহকারি অধ্যাপক ড. ঊর্মি ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ডিন প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা।
বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ রানা, রিসোর্স পারসন তোফায়েল তুহিন, এমইউবিএসএফ এর সহসভাপতি ইয়াসির আল আশফাক, সাধারন সম্পাদক ফাহিম ইবনে করিম, প্রমূখ।
উল্লেখ্য, উক্ত কর্মশালায় ব্যবসায় প্রশাসন বিভাগের বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরন করেন ও রিসোর্স পারসন তোফায়েল তুহিনকে সম্মাননা স্মারক প্রদান করেন।
সিলেটসংবাদ/হান্নান






