শাবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শাহজালাল
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ১২টার দিকে তারা এ অবরোধ শুরু করেন। এতে সড়কের দুই পাশেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিপঙ্কর কপিল দে জানান, প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের বিষয়টি ভিন্ন খাতে পরিচালিত করতেই প্রশাসন এসব তালবাহানা শুরু করেছে।
এর আগে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
মূলত মঙ্গলবার রাতে ছাত্রলীগের বিবাদমান গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষের পর উদ্ভুত পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।





