আনিস-কাদের উত্তপ্ত বাক্য বিনিময়
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৬, ৫:৫৯ অপরাহ্ণউত্তরের মেয়র আনিস একহাত নিলেন মন্ত্রী কাদেরকে। আনিস ক্ষুব্ধ বনানী-বিমানবন্দর
সড়কটির সৌন্দর্য বাড়ানো নিয়ে। এই সড়কটুকু সড়ক ও জনপথ বিভাগের হলেও সৌন্দর্য বাড়ানোর বিষয়টি অনেকটাই অপরিকল্পিত ও রুচিহীনতায় ভরপুর। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বুধবার (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রায়ের বাজার বধ্যভূমিতে অবস্থিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সকল শ্রেণী-পেশার মানুষের ভিড়। অন্য সবার মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকও যান স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও এ সময় হাজির হন স্মৃতিসৌধে।
শহিদ বেদিতে শ্রদ্ধা জানানোর পরপরই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দু’জন।
বিশেষত মেয়র আনিসুল মন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘সিটি কর্পোরেশনের ভেতর রোডস অ্যান্ড হাইওয়ের রাস্তা থাকে কিভাবে? রাস্তায় বিলবোর্ড কারা লাগায়?’
এ সময় মন্ত্রী বলেন, ‘নেগোসিয়েশন করে নিলেই হয়।’
তার জবাবে মেয়র বলেন, ‘কিসের নেগোসিয়েশন?’
তাদের কথা কাটাকাটির সময় আশপাশে লোকের ভিড় জমে যায়।
সেখানে উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, ‘মন্ত্রী চুপ থাকলেও মেয়রকে বেশ উত্তেজিত দেখা গেছে।’
পরে জানা গেল, বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার সৌন্দর্য বর্ধনকে কেন্দ্র করে দু’জনের মধ্যে এই কথা কাটাকাটি। রাস্তাটি রোডস অ্যান্ড হাইওয়ের, সৌন্দর্য বর্ধনের কাজ করছে ডিএনসিসি। রোডস অ্যান্ড হাইওয়ের সাথে আলাপ না করে কেন কাজ করা হচ্ছে, এই নিয়ে তর্ক হয় মেয়র ও মন্ত্রীর মধ্যে।
বাংলানিউজ
. . . . . . . . .





