ওয়াহিদ হত্যা : আদালতে চার খুনির জবানবন্দি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৬, ১০:০৮ অপরাহ্ণস্টাফ রিপোর্টার:;
‘প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে ওয়াহিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে আমরা কুপিয়ে হত্যা করি’- এমন জবানবন্দি দিয়েছে বিয়ানীবাজারের আবদুল ওয়াহিদ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত চার খুনিরা।
গতকাল বৃহস্পতিবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিচারিক ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে তারা এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম জানান, ওয়াহিদ হত্যা মামলার চার আসামিকে সকালে আদালতে হাজির করা হয়। দুপুরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ওই চার আসামিরা হলেন, সিলেট বিয়ানীবাজার থানার পাতারিপাড়ার বাহার উদ্দিনের ছেলে রেজাউল করিম (২২), একই এলাকার মৌলভী আবদুল করিমের ছেলে রাজ আহম্মেদ (২০), হাছন আলীর ছেলে মো. রাসেল আহম্মদ (২৫) ও আতাউর রহমানের ছেলে মো. আতিকুর রহমান (২৪)।
এদিকে, এ ঘটনায় গত বুধবার দিবাগত রাতে নিহতের বাবা আব্দুল মান্নান চারজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
বিয়ানিবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, মামলা দায়েরের পর ওইদিন রাতেই অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে ওয়াহিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
উল্লেখ্য, গত সোমবার রাত ৮টার দিকে কয়েকজন যুবক ওয়াহিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে গত মঙ্গলবার সকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের পাতারিপাড়া হাওরের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
. . . . . . . . .





