লাগেজভর্তি পণ্য নিয়ে শেষবার ধরা পড়লেন চাতলাপুরে
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
ভারত থেকে বারবার দেশে ফিরছিলেন লাগেজভর্তি পণ্য নিয়ে। শেষ পর্যন্ত চাতলাপুর শুল্ক স্টেশনে এসে ধরা পড়লেন এক যাত্রী। তাঁর কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ কসমেটিকস, খাদ্যপণ্য ও মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশনে সম্প্রতি এ ঘটনা ঘটে। রোববার বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
বিজিবি সূত্রে জানা গেছে, বিকি সাহা নামে ওই যাত্রী সর্বশেষ গত ২১ এপ্রিল ভারত থেকে দেশে ফেরেন। তল্লাশির সময় তাঁর সঙ্গে অনুমোদিত সীমার বাইরে বিপুল পরিমাণ কসমেটিকস সামগ্রী, জিরা, বিভিন্ন খাদ্যপণ্য ও মোবাইল ফোন পাওয়া যায়। এসব পণ্য সরকারি শুল্ক না দিয়েই দেশে আনার চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় বিজিবি।
পরে জব্দ করা মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত দিয়ে যাতায়াতের ক্ষেত্রে নির্ধারিত বিধিনিষেধ রয়েছে। কেউ যদি শুল্ক ফাঁকি দিয়ে অতিরিক্ত বা অবৈধ পণ্য আনার চেষ্টা করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, পাসপোর্ট যাচাই করে দেখা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তি সাম্প্রতিক সময়ে চারবার এবং গত ছয় মাসে মোট সাতবার ভারতে গেছেন। প্রতিবারই তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য বহন করেছেন বলে ধারণা করা হচ্ছে।
চাতলাপুর শুল্ক স্টেশনের কাস্টমস কর্মকর্তা মঙসাচিং মারমা বলেন, বিজিবি জব্দ করা মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করেছে। এখন বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





