‘আমি বিবাহিত ডিভোর্সড নই’, অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে বুবলী
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তিনি। এ সন্তানের বাবা ঢালিউড কিং শাকিব খান! যদিও বিষয়টি নিয়ে কথা বলেছেন বুবলী, তবে পরিষ্কারভাবে কিছু জানাননি। আর শাকিব খানও পুরোপুরি নীরব। এসব আলাচনার মধ্যে ফের বিষয়টি নিয়ে কথা বললেন বুবলী।
কয়েক দিন আগে একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন শবনম বুবলী। এ আলাপচারিতায় সঞ্চালক জানতে চান, আপনি নাকি মা হতে যাচ্ছেন? প্লিজ প্লিজ আপনি আবার বলবেন না, আমার বিরুদ্ধে মামলা ঠুকে দেবেন!
এ প্রসঙ্গে শবনম বুবলী বলেন, “দেখুন, দর্শকদের জায়গা থেকে অনেক ধরনের পারসেপশন থাকে। আমার ব্যক্তিগত একটা জীবন আছে, আমি যেহেতু একজন চলচ্চিত্রের নায়িকা, সেখানে পেশাগত একটা জীবনও রয়েছে। সুতরাং দর্শকদের অনেক কিছু জানার ইচ্ছে করে এবং তাদের মতো করে ভবিষ্যদ্বাণী করে।”
সঞ্চালকের আইনি পদক্ষেপের ব্যাপারটি স্মরণ করে শবনম বুবলী বলেন, “আমি কখনো বলিনি, যারা এ ধরনের কথা বলছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। কিন্তু যারা অনেক ধরনের গুজব ছড়ায়, মিথ্যা কথা বলে, এআই দিয়ে ভিডিও বানায়, তাদের কথা বলেছি। কারণ সমাজে এটি নেতিবাচক তথ্য ছড়াচ্ছে। আমরা মানসিকভাবে কোথায় যেন পঙ্গু হয়ে যাচ্ছি।”
মা হতে যাওয়ার গুঞ্জন নিয়েও কথা বলেন বুবলী। যদিও মূল উত্তর এবারো আড়ালে রাখেন বুবলী। তার ভাষ্য, “আপনি আমাকে যে জন্য অভিনন্দন জানালেন, সে বিষয়ে বলব—আমি বিবাহিত, আমি ডিভোর্সড নই। সেখান থেকে আমি প্রেগন্যান্ট হচ্ছি, না হচ্ছি না, এটা দর্শককে বলছি বা বলছি না, কিংবা কখন বলব, তা সম্পূর্ণ আমাদের ব্যক্তি স্বাধীনতা। কারণ তখন আমি ব্যক্তি মানুষটাই হয়ে যাচ্ছি। একজন মেয়ে যখন বিবাহিত হয়, সেই স্পর্শকাতর বিষয়টা নিয়ে মানুষ যখন অনেক গল্প তৈরি করে সেটা খুব দুঃখজনক।”
সবকিছু নিয়ে জবাবদিহি করতে নারাজ শবনম বুবলী। এ অভিনেত্রী বলেন, “দর্শকদের কাছে সবকিছু নিয়ে কেন জবাবদিহি করতে হবে? দর্শকরা যখন আমার সিনেমা দেখেন সেটা নিয়ে গঠনমূলক সমালোচনা করেন, সেটা একটা ব্যাপার। আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কখন বলব কিংবা বলব না, সেটাও তো আমাদের নিজস্ব একটা সিদ্ধান্ত।”
আপনার এ ধরনের উত্তর শুনে অনেকে বলছে, ঠিক আছে, সময় হলে জানাবে। অনেক তারকা বলেন প্রেমের সম্পর্কে নেই, কিন্তু দেখা যায় যে, তারা বিয়ে করে ফেলেছেন। আবার বাচ্চা নিয়েও এমনটা চলে। কিন্তু পরে দেখা যায়, বাচ্চা নিয়ে হাজির হয়ে যাচ্ছেন। সঞ্চালকের এসব কথা শুনে বুবলী বলেন, “এটা হয়তো সবার ব্যক্তি স্বাধীনতা। এটা শুধু বাংলাদেশে না; বলিউড, হলিউডে সবার ব্যক্তি স্বাধীনতা আছে। সাংবাদিকরা হয়তো তাদের এ বিষয়ে প্রশ্ন করছেন। কিন্তু শিল্পীরা সময় নিয়ে তাদের মতো করেই বলেন। এটা একটা বড় বিষয়। সুতরাং আমার মনে হয়, দর্শকদের এটা নিয়ে মনগড়া কিছু না বলে, স্পর্শকাতর বিষয়টি নিয়ে সম্মানের সঙ্গে সবার মন্তব্য করা উচিত।”
সিনিয়র শিল্পীদের উদাহরণ টেনে শবনম বুবলী বলেন, “আমার পরিবার আছে। এটা দর্শকরাও জানেন। হয়তো তারা বলবেন, একজন পাবলিক ফিগারের ব্যক্তি জীবন নিয়ে আমরা তো জানতেই পারি। কিন্তু সেখানেও কিছু সীমাবদ্ধতা থাকা উচিত। আমাদের শ্রদ্ধেয় সিনিয়র শিল্পীদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, তারা কিন্তু সবকিছু ওপেন করে দেন না। তারাও তাদের জীবনকে সীমাবদ্ধতার মধ্যে রাখেন।”
“আমাদের কাজে প্রতিশ্রুতি থাকে বলেই আমরা অনেক পরিস্থিতিতে কাজ করি। সেটা আমাদের সিনেমার শুটিং হোক কিংবা ব্র্যান্ডিং শুট। তার মানে এই না যে, আমাদের সবকিছু নিয়ে জবাবদিহি করে চলতে হবে।” বলেন শবনম বুবলী।
পুত্র বীরের সঙ্গে শাকিব খান
কয়েক বছর আগে শবনম বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হয়েছেন তিনি। ২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের বাবা-মা হন তারা। পুত্রের নাম রেখেছেন শেহজাদ খান বীর। পরবর্তীতে এ দম্পতির বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়।
বিনোদন/আবির




