শিক্ষার্থীদের মাঝে চিন্তা ও সৃষ্টিশীলতার সংস্কৃতি গড়ে তু্লতে হবে: ভিসি জহিরুল হক
ফাইজা রাফা
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৩, ৭:৪১ অপরাহ্ণদেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, ‘শিক্ষার্থীদের মাঝে চিন্তা ও সৃষ্টিশীলতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। আমাদের দেশের অনেক শিক্ষার্থীর হাতে কম্পিউটার ও স্মার্ট ফোন রয়েছে। অনেকে ফেসবুক ও বিভিন্ন গেমসে মত্ত হয়ে মূল্যবান সময় নষ্ট করে। যা তাদের লেখাপড়ায় নেতিবাচক প্রভাব ফেলে। অথচ তাদের মধ্যে চিন্তা ও সৃষ্টিশীলতা থাকলে ভালো প্রোগ্রামার হিসেবে তাদের গড়ে তোলা যেত।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট বিভাগের স্কুল ও কলেজসমূহের শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রামিং অলিম্পিয়াডের আয়োজন করেছে। এতে স্কুল কলেজ থেকে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আকৃষ্ট হবে। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পূর্বেই তারা প্রোগ্রামিং নিয়ে ভাববে। লজিক দিয়ে ভাবতে শিখবে। সৃষ্টিশীল হবে। এভাবে একসময় পরিবর্তন আসবে। তখন আমাদের শিক্ষার্থীরা গেমস না খেলে গেমস বানাবে। বিভিন্ন এ্যাপস বানাবে।
‘ আজ ১২ আগস্ট শনিবার সকাল সাড়ে ৯টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রফেসর এম. হাবিবুর রহমান হলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনোভেটরস ফোরাম আয়োজিত “এমইউ প্রোগ্রামিং অলিম্পিয়াড ২০২৩” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এ কথা বলেন।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ এর সভাপতিত্বে ও প্রভাষক রিনা পালের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নওশাদ আহমেদ চৌধুরী, ওয়াদিয়া ইকবাল চৌধুরী, নাজিয়া সুলতানা চৌধুরীসহ সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ। পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠের পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় মেট্রোপলিটন ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হককে ফুলেল শুভেচ্ছা জানান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ।
উল্লেখ্য, মেট্রোপলিটন ইউনিভার্সিটি দেশে প্রথমবারের মতো স্কুল ও কলেজসমূহের নবম থেকে একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রামিং অলিম্পিয়াডের আয়োজন করেছে। প্রতি শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মেট্রোপলিটন ইউনিভার্সিটির ৭টি কম্পিউটার ল্যাবে শিক্ষার্থীদের নিয়ে ফ্রি ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। শহরের বিভিন্ন পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসা হবে ও ওয়ার্কশপ শেষে আবার বাসে করে পৌঁছিয়ে দেয়া হবে।
আগামী ৯ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব। যেখানে সিলেট বিভাগের ক্ষুদে প্রোগ্রামারদের পুরস্কৃত করা হবে। পরে জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
সিলেটসংবাদ/হান্নান






