সংসদে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাস
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে আরও কয়েকটিকে আইনে পরিণত করতে জাতীয় সংসদে ৯টি বিল পাস হয়েছে। এর মধ্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়–সংক্রান্ত বিলও রয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদের বৈঠকে বিলগুলো কণ্ঠভোটে পাস করা হয়। বিলগুলোর ওপর কোনো দফাওয়ারি সংশোধনী প্রস্তাব না থাকায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সরাসরি কণ্ঠভোটে সেগুলো পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে সংসদের বিশেষ কমিটি এসব বিল হুবহু অনুমোদনের সুপারিশ করে। অন্তর্বর্তী সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করা হয়। বাকি অধ্যাদেশগুলোর মধ্যে কিছু বাতিল এবং কিছু নতুনভাবে বিল আকারে আনার সুপারিশ করা হয়েছে।
পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল, ২০২৬’। পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এটি উত্থাপন করেন।
এ ছাড়া আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল, ২০২৬’, ‘দেওয়ানি আদালত (সংশোধন) বিল, ২০২৬’, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘রেজিস্ট্রেশন (সংশোধন) বিল, ২০২৬’ পৃথকভাবে উত্থাপন করেন, যা কণ্ঠভোটে পাস হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল উত্থাপনের সময় আইনমন্ত্রী জানান, মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় ‘গুম’ অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, গুমের বিচার করতে সরকার বদ্ধপরিকর।
স্বাস্থ্য খাত–সংশ্লিষ্ট আরও কয়েকটি বিলও পাস হয়েছে। এর মধ্যে রয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৬’, ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল’।
এ ছাড়া ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল, ২০২৬’ কণ্ঠভোটে পাস হয়।
সংশোধনী প্রস্তাব না থাকায় বিলগুলো নিয়ে সংসদে আলোচনা না হলেও বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী দ্রুত অনুমোদন দেওয়া হয়েছে।
এম এইচ আ





