শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রীছাউনি দখলের অভিযোগ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে যাত্রীছাউনি দখল ও ভেঙে ব্যক্তিগত মার্কেটের রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় এক নেতার বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, যাত্রী ও শিক্ষার্থীরা।
অভিযোগে বলা হয়েছে, উপজেলার পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিন পাথারিয়া বাজার বাসস্ট্যান্ড এলাকার যাত্রীছাউনিটি দখল করে পর্যায়ক্রমে ভেঙে ফেলেছেন। পরে সেখানে নিজের মার্কেটে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করেন।
এ ঘটনায় সুনামগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পাথারিয়া বাজারের ব্যবসায়ী আঙ্গুর মিয়া।
স্থানীয়দের অভিযোগ, পাথারিয়া বাজারের ওই যাত্রীছাউনিটি ছিল শিক্ষার্থী, পথচারী ও দূরপাল্লার যাত্রীদের জন্য একমাত্র আশ্রয়স্থল। ছাউনিটি ভেঙে ফেলার ফলে রোদ-বৃষ্টি থেকে বাঁচার মতো কোনো জায়গা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা নুর মিয়া বলেন, সরকারি ওই যাত্রীছাউনিতে প্রতিদিন বহু মানুষ আশ্রয় নিতেন। কিন্তু সেটি ভেঙে ফেলায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।
আরেক বাসিন্দা জিয়াউদ্দিন তুহিন বলেন, জনগুরুত্বপূর্ণ এই স্থাপনাটি দ্রুত পুনর্নির্মাণ করা জরুরি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল মমিন। তিনি বলেন, যাত্রীছাউনি ভাঙার অভিযোগ মিথ্যা। জায়গাটি তার নিজস্ব দাবি করে তিনি জানান, কে বা কারা ছাউনিটি ভেঙেছে, তা তিনি জানেন না।
এ বিষয়ে মোহাম্মদ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জানান—অভিযোগ পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম এইচ আ




