সুনামগঞ্জের নলুয়ার হাওরে বাঁধ কাটার অভিযোগ, ঝুঁকিতে বোরো ফসল
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সর্ববৃহৎ নলুয়ার হাওরসহ ১২টি হাওরের বোরো ফসল রক্ষায় নির্মিত বেড়িবাঁধ এখন ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ডোবা ভরাটের নামে বাঁধের গোড়া কেটে মাটি নেওয়ায় দুর্বল হয়ে পড়েছে বাঁধ। এতে ফসলহানির শঙ্কায় রয়েছেন কৃষকেরা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৩৭টি প্রকল্পের মাধ্যমে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে নলুয়ার হাওরের পশ্চিমপ্রান্তের বেতাউকা গ্রামের ‘ডেঞ্জার জোন’ এলাকায় স্লুইচ গেট সংলগ্ন ১২ নম্বর পিআইসি প্রকল্পের আওতায় একটি প্রায় ৫০ ফুট গভীর ডোবা ভরাটের কাজ দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম বা প্রকল্প ব্যয়ের তথ্য জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, ডোবা ভরাট না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধের গোড়া কেটে মাটি নিয়ে গেছে। এতে বাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পানি প্রবেশ করলে সহজেই বাঁধ ভেঙে হাওর তলিয়ে যেতে পারে।
১২ নম্বর পিআইসি কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা ও সদস্য সচিব রুবেল মিয়া জানান, বিষয়টি নিয়ে গত ১৫ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক বলেন, প্রভাবশালী একটি পক্ষের সহযোগিতায় এই কাজ করা হয়েছে। প্রকাশ্যে বাঁধ কাটলেও কেউ প্রতিবাদ করার সাহস পাননি। বাঁধ ভেঙে ফসলহানি হলে এর দায় ঠিকাদারি প্রতিষ্ঠানকেই নিতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত হিসেবে স্থানীয়ভাবে আলোচিত কামাল মিয়া দাবি করেন, তিনি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে নেই, শুধু সহযোগিতা করেছেন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম তিনি জানাননি।
জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা শেখ ফরিদ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, কাটা অংশ পুনরায় ভরাট করা হবে। তবে তিনি প্রতিষ্ঠানের নাম জানাতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, এ বিষয়ে প্রাপ্ত অভিযোগ পানি উন্নয়ন বোর্ডে পাঠানো হয়েছে।
এম এইচ আ




