পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্ট, বিপাকে নাসিম
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশটির জাতীয় দলের ফাস্ট বোলার নাসিম শাহর বিরুদ্ধে কেন্দ্রীয় চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনে শোকজ নোটিশ দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তার করা একটি পোস্ট—যা পরে মুছে ফেলা হয়। যেখানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে সমালোচনা করেছে বলে মনে হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।
পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, নাসিম শাহের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির একটি রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে চুক্তিবদ্ধ নাসিম শাহ, শুক্রবার টুর্নামেন্ট শুরুর আগে মরিয়ম নওয়াজকে উদ্দেশ করে মন্তব্য করেন বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ঘোষণা করেছিলেন, জ্বালানি সাশ্রয়ের প্রয়োজন এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি ও পশ্চিম এশিয়ার সংকটের কারণে এবারের পাকিস্তান সুপার লিগ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করা হবে।
তবে উদ্বোধনী ম্যাচে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভাতিজি মরিয়ম নওয়াজকে গাদ্দাফি স্টেডিয়ামে গাড়িবহরসহ প্রবেশ করতে দেখা যায়। তিনি সেখানে উপস্থিত হয়ে দুই দলের—লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেন—খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন।
নাসিম শাহ পিসিবির একটি পোস্ট উদ্ধৃত করে মন্তব্য করেছিলেন, ‘লর্ডসে রানির মতো তাকে কেন সম্মান দেওয়া হচ্ছে?’—তবে কয়েক মিনিটের মধ্যেই তিনি পোস্টটি মুছে ফেলেন এবং দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।
তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি পিসিবি। ২৪ ঘণ্টা পর তারা জানায়, নাসিম কেন্দ্রীয় চুক্তির শর্ত ও মিডিয়া নীতিমালা লঙ্ঘন করেছেন। যদিও নির্দিষ্ট ধারা উল্লেখ করা হয়নি, ধারণা করা হচ্ছে এটি আচরণবিধির ২.২৩ ধারার সঙ্গে সম্পর্কিত, যেখানে বোর্ড, কর্মকর্তা, খেলোয়াড় বা ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা নিষিদ্ধ।
সম্প্রতি ক্রিকেটারদের রাজনৈতিক মন্তব্য দমনে কঠোর অবস্থান নিয়েছে পিসিবি। গত বছর অলরাউন্ডার আমের জামালকে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খানের প্রতি সমর্থনসূচক স্লোগান প্রদর্শনের কারণে প্রায় ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়।
উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি, এবং তার বন্দি নম্বর “৮০৪” সমর্থকদের মধ্যে জনপ্রিয় প্রতীক হয়ে উঠেছে।
আগামী শনিবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে মাঠে নামার কথা রয়েছে নাসিম শাহের, যেখানে তারা পেশোয়ার জালমির মুখোমুখি হবে।




