জগন্নাথপুরে ৫০ টাকা নিয়ে বিরোধ: কিশোরকে পিটিয়ে হত্যা
সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশা চার্জের মাত্র ৫০ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে ইমরান হোসেন (১৬) নামের এক কিশোর চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সৈয়দপুর (ঈশানকোনা) এলাকার বাদশাহ মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটে। অটোরিকশা চার্জ দেওয়ার সময় ৫০ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে গ্যারেজ মালিক বাদশাহ মিয়া ও তার সহযোগী জাকিরের সঙ্গে ইমরানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা লোহার পাইপ, মুগুর ও কঞ্চি দিয়ে তাকে মারধর করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইমরানকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তিনি মারা যান।
নিহত ইমরান দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি পরিবারসহ দীর্ঘদিন ধরে জগন্নাথপুরের সৈয়দপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
এ ঘটনায় শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাকিরকে গ্রেপ্তার করেছে। তবে মূল অভিযুক্ত বাদশাহ মিয়া পলাতক রয়েছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং অন্য আসামিকে ধরতে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এম এইচ আ





