সুনামগঞ্জে ‘পানির দরে’ গাছ বিক্রি, রাজস্ব ক্ষতির আশঙ্কা
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ১:২৯ অপরাহ্ণ
সুনামগঞ্জে সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য কাটা গাছ ‘পানির দরে’ নিলামে বিক্রির অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। এতে সরকারের প্রায় ২৫ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-সিলেট সড়ক চার লেনে উন্নীতকরণসহ বিভিন্ন সড়ক প্রশস্তকরণের কাজে সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় লাগানো ৬ হাজার ৪০৯টি গাছ কাটা হচ্ছে। এসব গাছ ১৫টি লটে নিলামে বিক্রি করা হয়।
অভিযোগ রয়েছে, বাজারমূল্য ২৫ কোটির বেশি হলেও এসব গাছ মাত্র ১ কোটি ৯ লাখ ১০ হাজার ৩৭৫ টাকায় নিলামে দেওয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, প্রতিটি গাছের গড় মূল্য অন্তত ৪০ হাজার টাকা হলেও নিলামে তা হাজার টাকার আশপাশে নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, ১১টি লট পেয়েছে টাঙ্গাইলের মেসার্স শিমুল এন্টারপ্রাইজ এবং চারটি লট পেয়েছেন মৌলভীবাজারের মোসাইদ আলী। ইতোমধ্যে অধিকাংশ গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
পরিবেশবাদীরা বলছেন, গাছগুলোর বয়স ও গড়ন অনুযায়ী সেগুলো অত্যন্ত মূল্যবান ছিল। যথাযথ বাজারদর অনুসরণ না করে কম দামে নিলাম দেওয়ায় রাষ্ট্র আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাওর বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার বলেন, বাজারমূল্য বিবেচনা না করে জরিপ করা হয়েছে এবং এতে সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
অন্যদিকে সুনামগঞ্জ হাওর, নদী ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি মিজানুর রহমান রাসেল বলেন, নিলামের নামে দুর্নীতি হয়েছে এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত প্রয়োজন।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়ম অনুযায়ী দরপত্রে অংশ নিয়ে তারা নিলাম পেয়েছেন, এতে কোনো অনিয়ম হয়নি।
বন বিভাগের একাধিক কর্মকর্তা জানান, নিলাম প্রক্রিয়া সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সম্পন্ন হয়েছে। তবে অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বিস্তারিত বলতে পারবেন।
এম এইচ আ




