সিলেটে তহশিলদার ও অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন ও অফিস সহায়ক আয়াত উদ্দিনের মধ্যে অফিসের ভিতরে দরজা লাগিয়ে মারামারির ঘটনা ঘটেছে। সরকারি ওই অফিসে কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের তোয়াকুল ভূমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তার (তহশিলদার) রুমে দরজা লক অবস্থায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তহশিলদার দেলোয়ার হোসেন ও তার অফিসের অফিস সহায়ক আয়াত উদ্দিনের মধ্যে তহশিলদারের অফিস রুমের দরজা লাগানো অবস্থায় একজন আরেকজন গলার কলার ধরে কিল-ঘুষি মারছেন। অফিসের বাইর থেকে সেবা গ্রহীতারা বলছেন দরজা খোলার জন্য। এক পর্যায়ে দরজা খুলে এক যুবককে ভেতরে প্রবেশ করে সংঘর্ষ থামাতে আয়াত উদ্দিনকে রুম থেকে বের করে দিতে দেখা যায়। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই এ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে আবার কেউ বলছে এ অফিস দুর্নীতির আখড়া যে কোন সেবা নিতে গেলেই ফি ছাড়া হয়না কাজ-এসব মন্তব্য করছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে তোয়াকুল ভূমি অফিসের উপ সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) দেলোয়ার হোসেন বলেন, আমি গাড়িতে আছি পরে কল দিচ্ছি বলে ফোন কেটে দেন।
জানতে চাইলে তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আয়াত উদ্দিন বলেন, সকালে অফিসে এসেই হাজিরা খাতা চাই। ওনি বলেন হাজিরা খাতা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না- এমন প্রশ্ন করলেই তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করে রুমের দরজা লাগিয়ে আমাকে মারতে শুরু করেন এবং আমি শুধু মার ফিরাতে থাকি।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানতে পারিনি। তবে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।




