যুদ্ধের জেরে ইরানি দর্শনার্থীদের জন্য দরজা বন্ধ করে দিল অস্ট্রেলিয়া
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
অস্ট্রেলিয়া সাময়িকভাবে ইরান থেকে আসা দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করেছে। দেশটির দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে এমন ঝুঁকি তৈরি হয়েছে যে, স্বল্পমেয়াদী ভিজিটর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে অনেক ইরানি পাসপোর্টধারী হয়তো দেশে ফিরতে চাইবেন না বা ফিরতে পারবেন না।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর বুধবার জানিয়েছে, ইরানি দর্শনার্থীদের ওপর এই নিষেধাজ্ঞা ছয় মাসের জন্য কার্যকর থাকবে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে জাতীয় স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিডনি-ভিত্তিক অ্যাসাইলাম সিকার্স সেন্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেছে, ‘ইরানি দর্শনার্থীদের ওপর নিষেধাজ্ঞাটি অস্ট্রেলিয়ার সংসদে তড়িঘড়ি করে পাস করানো একটি নতুন আইন। এটা লজ্জাজনক।
এটি নিরাপত্তাপ্রার্থীদের জন্য অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ সুরক্ষা কর্মসূচির মূল ভিত্তিকেই হুমকির মুখে ফেলছে।’সংস্থাটি বলেছে, ‘বছরের পর বছর ধরে রাজনীতিবিদরা তথাকথিত আইনি পথে নিরাপত্তা চাওয়ার গুরুত্বের ওপর জোর দিয়ে আসছেন। কিন্তু এখন আন্তর্জাতিক মানবিক সংকটের মুখে সরকার দরজা সজোরে বন্ধ করে দিচ্ছে। বর্তমানে ও ভবিষ্যতে নিরাপত্তাপ্রার্থীদের জন্যও একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দিচ্ছে।’
এই মাসের শুরুতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে ইরানের নারী ফুটবল দলকে অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়ার জন্য আহ্বান জানান। কুইন্সল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০২৬ মহিলা এশিয়ান কাপের একটি ম্যাচের আগে জাতীয় সঙ্গীত গাইতে ব্যর্থ হওয়ায় খেলোয়াড়দের নিজ দেশে পরিণতির সম্মুখীন হতে হতে পারে, এমন আশঙ্কায় তিনি এই আহ্বান জানান।
অ্যালবানিজ পরে সাংবাদিকদের জানান, দলের পাঁচজন সদস্য সহায়তা চেয়েছিলেন এবং অস্ট্রেলীয় কর্তৃপক্ষ তাদের নিরাপদ মনে করছে। মোট সাতজন খেলোয়াড় ও কর্মকর্তাকে অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়া হয়েছিল। কিন্তু দলের পাঁচজন সদস্য পরে অস্ট্রেলিয়ায় থাকার সিদ্ধান্ত পরিবর্তন করে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর আগেই ইরানের দলটি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছিল। অস্ট্রেলীয় সরকারের ২০২৪ সাল পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, ৯০ হাজারের বেশি অস্ট্রেলীয় বাসিন্দা ইরানে জন্মগ্রহণ করেছেন এবং সিডনি ও মেলবোর্নের মতো প্রধান শহরগুলোতে তাদের বিশাল প্রবাসী সম্প্রদায় রয়েছে।
সূত্র : আলজাজিরা।




