সিলেটে ছুটি শেষে খুলেছে ব্যাংক-অফিস-আদালত, নেই চাপ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। সিলেটে দীর্ঘ ছুটি শেষে অফিস-আদালত চালু হলেও জনজীবনে তেমন ব্যস্ততা লক্ষ্য করা যায়নি। ব্যাংকে নেই গ্রাহকদের লম্বা লাইন।
ঈদ শেষে গতকাল সোমবার থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেন অসংখ্য কর্মজীবী মানুষ। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই ইতিমধ্যে সিলেটে এসেছেন। এ জন্য ট্রেন, ও বাস টার্মিনালগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
২১ মার্চ (শনিবার) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ থেকে অফিস-আদালত খুলে যাওয়ায় সিলেটসহ সারাদেশে কর্মচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে।

