তেল সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে বড় বিস্ফোরণ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের একটি তেল শোধনাগারে বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় গতকাল সোমবার টেক্সাস উপকূলের কাছে ‘পোর্ট আর্থারের ভ্যালেরো’ তেল শোধনাগারে বিস্ফোরণটি হয়। এ ঘটনার পর আশপাশের বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে আশ্রয় নিতে বলা হয়েছে।
মেয়র শার্লট এম মোজেস জানিয়েছেন, হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) পূর্বে পোর্ট আর্থারের ভ্যালেরো শোধনাগারটি অবস্থিত।
অনলাইনে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, তেল শোধনাগার থেকে ধোঁয়া ও আগুনের বিশাল কুণ্ডলী উঠছে।
টেক্সাস অঙ্গরাজ্যের প্রতিনিধি ক্রিশ্চিয়ান ম্যানুয়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেছেন, টেক্সাস কমিশন অন এনভায়রনমেন্টাল কোয়ালিটি বায়ু পর্যবেক্ষণ সরঞ্জাম নিয়ে শোধনাগারে পৌঁছেছে এবং স্থানীয় ও রাজ্য পর্যায়ের কর্মীদের সঙ্গে কাজ করছে।
সূত্র : এপি




