তাহিরপুরে গঙ্গাস্নানে এসে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে গঙ্গাস্নান করতে এসে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ছয়টার দিকে উপজেলার লাউড়ের গড় এলাকার পাশের রাজারগাঁও গ্রামে যাদুকাটা নদীর তীরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গঙ্গাস্নানের জন্য ওই ব্যক্তি যাদুকাটা নদীর তীরে আসেন। একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখানে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে দায়িত্বরত মেডিকেল টিমের কাছে নিয়ে যান।
প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির সঙ্গে থাকা কোনো স্বজনকে পাওয়া যায়নি। তাঁর নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
আবির




