তাহিরপুরে টিলার গাছ কাটার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র বারেকটিলায় (বারিক্কার টিলা) প্রকাশ্যে সরকারি গাছ কাটার অভিযোগে ১৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছে উপজেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার রাতে তাহিরপুর থানায় মামলাটি করেন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রঞ্জন কুমার দাস।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বারেকটিলার আনন্দপুর গ্রামের সাবেক ট্রাইব্যাল চেয়ারম্যান পুলক আজিম, বড়গোপ টিলার মোশাররফ হোসেন, হাফিজ, মানিক, জালাল, রাতুল মারাক, শহীদ ও নজরুল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ মার্চ দুপুরে উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলার ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকা থেকে কয়েকটি গাছ কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পরদিন বৃহস্পতিবার শক্তিয়ারখলা বিট অফিসার রতীন্দ্র কিশোর রায় ও ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রঞ্জন কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় গাছ কাটার সত্যতা পাওয়া যায়।
শক্তিয়ারখলা বিট অফিসার রতীন্দ্র কিশোর রায় বলেন, বারেকটিলার বাসিন্দা শহীদসহ ১৫–১৬ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে টিলার গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে প্রমাণ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রায় ৩৬৫ একর জায়গাজুড়ে বিস্তৃত বারেকটিলা উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। তবে গত এক দশকে নির্বিচারে গাছ কাটা ও বন উজাড়ের কারণে এই টিলার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
আবির




