ঈদ কেনাকাটায় সিলেট বেড়েছে যানজট
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
ঈদ সামনে রেখে কেনাকাটায় মানুষের ভিড় বাড়ায় সিলেট নগরে তীব্র যানজট দেখা দিয়েছে। দুপুর থেকে গভীর রাত পর্যন্ত নগরের বিভিন্ন সড়কে যানবাহন ধীরগতিতে চলতে দেখা যাচ্ছে। কোথাও কোথাও দীর্ঘ সময় যানজটে আটকে পড়ছেন মানুষ।
শনিবার দুপুরের পর থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ পরিস্থিতি দেখা যায়। বিশেষ করে জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, লামাবাজার, রিকাবীবাজার, তালতলা, বারুতখানা, জেল রোড, নাইওরপুল, মিরাবাজার, সুবহানীঘাট ও কদমতলী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিকেল তিনটার দিকে জেল রোড থেকে বারুতখানা হয়ে জিন্দাবাজার সড়কে প্রায় ৪৫ মিনিট যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পরে বিকেল চারটার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এ সময় অনেক রোজাদার মানুষ যানজটে আটকে পড়ে ভোগান্তিতে পড়েন।
জেল রোড এলাকায় রিকশাচালক রহমত আলী (৪০) বলেন, “অনুরাগ হোটেলের সামনে ২০-২৫ মিনিট দাঁড়িয়ে থাকার পরও রিকশা এগোতে পারে না। এমন অবস্থা আগে খুব কমই দেখছি।”
ঈদ সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী। অভিজাত শপিংমল থেকে শুরু করে ফুটপাতের অস্থায়ী দোকান—সব জায়গায় মানুষের ভিড় দেখা যাচ্ছে। এতে সড়কে মানুষের চাপও বেড়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২টার পরেও জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে। অনেক জায়গায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তবে পুলিশ জানিয়েছে, যানজট নিয়ন্ত্রণে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দায়িত্ব পালন করছেন ট্রাফিক সদস্যরা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সিলেট/আবির




