সুনামগঞ্জে ৩৯৭ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সংবাদ বিজ্ঞপ্তি:
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব-৯)-এর অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এলাকা থেকে ৩৯৭ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৯ সদর দপ্তর, সিলেট থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গত ১৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। তথ্য অনুযায়ী, বিশ্বম্ভরপুর উপজেলা-এর দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বসন্তপুর বাজারসংলগ্ন পাকা সড়কে কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন।
র্যাবের দল ঘটনাস্থলে পৌঁছালে তিনজন ব্যক্তি মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে গোলাপি রঙের বায়ুরোধক তিনটি প্যাকেট থেকে ৩৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি মোটরসাইকেলও। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. মানিক মিয়া (৪০), মো. আলমগীর (৪০) ও মো. মামুন মিয়া (২২)। তাঁদের সবার বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, তারা পরস্পর যোগসাজশে জেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিশ্বম্ভরপুর থানা-এ হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তি/সুনামগঞ্জ/আবির





