ঐতিহ্য ভেঙে সংসদে শপথ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। তবে প্রচলিত রীতি ভেঙে প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। একই স্থানে বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা রয়েছে।
সংসদ ভবন সূত্র জানায়, নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য ভবনের ভেতর ও বাইরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভ্যন্তরে ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ পর্যায়ে, পাশাপাশি সংসদের বাইরে সদস্যদের বরাদ্দকৃত কক্ষগুলো সাজানো হচ্ছে। গণঅভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত অংশগুলোর মেরামতও চলছে।
নির্বাচনের দুদিন পর শনিবার থেকেই শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের এবং বিকেল ৪টায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে দক্ষিণ প্লাজায়।
এদিকে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এখনো পুরোপুরি প্রস্তুত নয়। ফলে আপাতত তিনি সেখানে উঠতে পারছেন না।
নতুন সরকারের শপথ আয়োজনের মধ্যেই সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদকে সরিয়ে দেওয়া হয়। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, বঙ্গভবন থেকে সংসদ সচিবালয়কে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হলে সে অনুযায়ী কাজ শুরু করা হয়।
গত শুক্রবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তাদের একসময়কার মিত্র জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট পেয়েছে ৭৭টি আসন, যারা বিরোধী দলের ভূমিকা পালন করবে। বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
জাতীয়/আবির




