ঝালকাঠিতে জাল ভোটের দায়ে নারীকে ২ বছরের কারাদণ্ড
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
ঝালকাঠির নলছিটি উপজেলায় জাল ভোট দেওয়ার দায়ে এক নারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক ওই নারীর নাম ছাবিলা বেগম (৩৪)। তিনি একই এলাকার শুকুর আলী হাওলাদারের মেয়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই নারী ভোটকেন্দ্রে প্রবেশ করে অন্যের নামে ভোট দেওয়ার চেষ্টা করলে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সন্দেহজনক মনে করে যাচাই-বাছাই করেন। পরে তার জাল ভোট প্রদানের চেষ্টা প্রমাণিত হলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।
পরবর্তীতে আটক নারীকে দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা রাণী নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত ছাবিলা বেগমকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এমন ঘটনায় ভোটারদের মধ্যে স্বস্তি দেখা গেছে।





