ভোট গণনার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
নওগাঁয় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরে দুপুর দেড়টার দিকে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনেকে প্রত্যাহার (ক্লোজড) করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদীন।
অভিযুক্ত নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপদ বিভাগে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদীন জানান, ভোটগণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কেন্দ্রের নির্বাচনী দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই কেন্দ্রে নতুন একজন প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মুক্তাদুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বেলা ৩টার দিকে কাঠখৈড় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ইউএনও বলেন, ‘নাজিম উদ্দীনকে নওগাঁ সদর উপজেলায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তার অপরাধের বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’





