ভোটের দিন কেন্দ্রে যাওয়ার আগে যা সঙ্গে নেবেন, যা নেবেন না
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র এক দিন। দেখতে দেখতে অপেক্ষার শেষ প্রান্তে। রাত পোহালেই শুরু হবে তাদের বহুল কাঙ্ক্ষিত দিনের কর্মযজ্ঞ। আর এই বিশেষ দিন নিয়ে কারোরই কৌতূহলের শেষ নেই। আপামর জনসাধারণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। এর মধ্যে অনেকেই নির্বাচনের দিন তাড়াহুড়ো করে ভোটকেন্দ্রে চলে যান। নিতে ভুলে যান প্রয়োজনীয় জিনিস। আর এই সামান্য অসতর্কতার জন্য আপনাকে পড়তে হয় ভোগান্তিতে। এতে ভোট দিতে দেরি, কেন্দ্রে প্রবেশে বাধা কিংবা অপ্রয়োজনীয় ঝামেলা। তাই ভোটাধিকার প্রয়োগের আগে জানা জরুরি, সঙ্গে কী নেওয়া উচিত আর কী নেওয়া উচিত নয়।
একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা ও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তা নির্বাচন কমিশিন খুব ভালোভাবেই করেছেন। যেন ভোটারটা নিশ্চিন্তে ভোট দিতে পারেন। আর সে জন্য ভোটকেন্দ্রে নিরপেক্ষ পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। ছোট একটি অসতর্কতা শুধু আপনার জন্য নয়, অন্য ভোটারদের জন্যও সমস্যা তৈরি করতে পারে। ভোট দেওয়া শুধু একটি নাগরিক অধিকার নয়, এটি দায়িত্বও।
তাই ভোটকেন্দ্রে যাওয়ার আগে সামান্য প্রস্তুতি নিলে পুরো প্রক্রিয়াটি সহজ ও স্বস্তিদায়ক হয়। প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন, নিষিদ্ধ সামগ্রী এড়িয়ে চলুন এবং শান্তভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। সচেতন ভোটারই পারে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে।
ভোটের দিন সঙ্গে যা নেবেন—
১. জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
নিজের পরিচয় নিশ্চিত করার উপায় হচ্ছে— আপনার জাতীয় পরিচয়পত্র। এটিই আপনার সবচেয়ে নির্ভরযোগ্য। যদি এনআইডি না থাকে, নির্বাচন কমিশনের নির্ধারিত বিকল্প পরিচয়পত্র (যেমন স্মার্ট কার্ডের স্লিপ বা প্রযোজ্য ক্ষেত্রে অনুমোদিত অন্য কাগজ) সঙ্গে রাখা ভালো।
২. কেন্দ্রের তথ্য
ভোটার নম্বর, কেন্দ্রের নাম ও কক্ষ নম্বর আগে থেকেই জেনে রাখা ভালো। এগুলো লিখে বা মোবাইলে সংরক্ষণ করে রাখতে পারেন (কেন্দ্রে প্রবেশের নিয়মানুযায়ী ব্যবহার সীমিত হতে পারে)।
৩. প্রয়োজনীয় ওষুধ
আপনি যদি নিয়মিত ওষুধ সেবন করে থাকেন, তবে ব্যক্তিগত প্রয়োজনে ওষুধ সঙ্গে রাখতে পারেন। বিশেষ করে বয়স্ক কিংবা অসুস্থ ভোটারদের জন্য এটি গুরুত্বপূর্ণ। অন্যদিকে ছোট মানিব্যাগ বা প্রয়োজনীয় ন্যূনতম জিনিস রাখুন। বড় ব্যাগ বা অপ্রয়োজনীয় সামগ্রী এড়িয়ে চলাই ভালো।
ভোটের দিন যা সঙ্গে নেওয়া যাবে না—
১. কোনো ধরনের অস্ত্র বা ধারালো বস্তু
২. দলীয় প্রতীক, ব্যাজ বা প্রচারসংক্রান্ত সামগ্রী
৩. অতিরিক্ত লোকজন
৪. বড় ব্যাগ বা সন্দেহজনক প্যাকেট
৫. মোবাইল ফোন ব্যবহারে সতর্কতা
নারী ও বয়স্ক ভোটারদের জন্য কিছু পরামর্শ—
১. সম্ভব হলে ভিড় এড়াতে সুবিধাজনক সময়ে কেন্দ্রে যান
২. প্রয়োজন হলে সহায়তার জন্য দায়িত্বরত কর্মকর্তাদের জানান
৩. শারীরিক অসুবিধা থাকলে আগে থেকেই প্রস্তুতি নিন
যেমন আচরণ হওয়া উচিত ভোটকেন্দ্রে—
১. লাইনে শৃঙ্খলা বজায় রাখুন
২. কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলা
৩. উত্তেজনাপূর্ণ আলোচনা বা বিতর্ক এড়িয়ে চলা
৪. ভোট গোপন রাখুন।




