বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত টাকা মেশিনে গণন চলছে।
এদিকে জিজ্ঞাসাবাদে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির জানান, তিনি পেশায় একজন শিক্ষক। তার লাগেজে ৫০ লাখের বেশি টাকা আছে।
টাকার উৎস জিজ্ঞাসা করা হলে বেলাল উদ্দিন বলেন, এগুলো তার ব্যবসার টাকা। এ সময় গার্মেন্টস ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা জানান তিনি।
বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল ১২ ফেব্রুয়ারি। ভোটের আগের দিন বিপুল টাকাসহ ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা আটকের ঘটনায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।





