শেষ হলো সিলেটের ১৯ আসনের প্রচারণা, অপেক্ষা ভোটের
সিকডে
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে। শেষ দিনের কর্মসূচিকে ঘিরে নগর ও উপজেলাগুলো ছিল মিছিল, জনসভা ও স্লোগানে মুখর। উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে নির্বাচনি প্রচারণা; এখন অপেক্ষা ভোটের।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ও সন্ধ্যা পর্যন্ত সিলেট মহানগরসহ বিভিন্ন উপজেলায় প্রার্থীরা শেষবারের মতো ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ হওয়ার কথা থাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় সব ধরনের নির্বাচনি কার্যক্রম।
সিলেট-১ আসনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থনে আলাদা আলাদা গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে আলীয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হওয়া বিশাল র্যালি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে তিনি দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে গণতন্ত্র, ন্যায় ও স্বাধীনতার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সমর্থনে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নগরীতে মিছিল হয়। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি নির্বাচিত হলে সিলেটকে সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত করার প্রতিশ্রুতি দেন।
সিলেট-২ আসনে শেষ দিনের কর্মসূচিকে ঘিরে কিছুটা শোকের আবহ তৈরি হয়। বিশ্বনাথে জনসভায় যোগ দিতে গিয়ে দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। পুলিশ জানিয়েছে, এটি স্বাভাবিক মৃত্যু। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সিলেট-৩, ৪, ৫ ও ৬ আসনসহ বিভাগের অন্যান্য সংসদীয় আসনগুলোতেও বিএনপি, জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা শেষ নির্বাচনি জনসভা ও গণমিছিল করেন। নেতারা ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়া এবং ভোটারদের কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান।
শেষ দিনের কর্মসূচিকে কেন্দ্র করে নগরের একাধিক স্থানে ভোটকেন্দ্রের ৪শ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের প্রতিবাদে এনসিপির উদ্যোগে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভও হয়।
সিলেটের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পারসন সম্রাট তালুকদার জানান, পুরো বিভাগে শেষ দিনের প্রচারণা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে মোট ১০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সিলেট সংবাদ/আবির





