আইসিসির নিষেধাজ্ঞার হুমকির মুখে আইনি পথে হাঁটছে পাকিস্তান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছে যে, চলতি মাসের শেষ দিকে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না তাদের দল। তবে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানাতে প্রস্তুত নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে টেলিকম এশিয়া স্পোর্টস।
প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বর্জনের বিষয়ে পিসিবি এখনো কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে অনিশ্চয়তা বজায় রাখতে ইচ্ছাকৃতভাবেই আইসিসিকে কোনো আনুষ্ঠানিক চিঠি দেবে না।
সূত্র জানায়, ‘এটি যেহেতু সরকারের সিদ্ধান্ত এবং একটি সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে জানানো হয়েছে, তাই আইসিসিকে আলাদা করে চিঠি দেওয়ার কোনো প্রয়োজন নেই।’
রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার ভারতের ও শ্রীলংকার যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের অনুমোদন দেয়। তবে একই সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ আয়কারী ম্যাচ-ভারতের বিপক্ষে খেলায় না নামার ঘোষণা দেয়।
এক পিসিবি সূত্র আরও বলেন, ‘ভারত কি কখনো আইসিসিকে লিখিতভাবে জানিয়েছিল যে তারা পাকিস্তানে যাবে না? যখন ভারত সরকারের চিঠি দেখাতে বলা হয়েছিল, তখনও তারা তা দেয়নি। তাহলে এখন লিখিত কিছু দেওয়ার দরকার আছে কি? নেই।’
যদিও আইসিসিকে আনুষ্ঠানিকভাবে না জানানোকে ইস্যুটি জীবিত রাখার কৌশল হিসেবে দেখা হচ্ছে, তবে এটাও স্পষ্ট যে সরকারের সিদ্ধান্ত হওয়ায় পিসিবি কোনোভাবেই ম্যাচ বর্জন এড়াতে আইসিসির আপসের আহ্বানে সাড়া দেবে না।
এই সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে বড় ধরনের আলোড়ন তুলেছে। কারণ ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির সরকারি সম্প্রচারকারী প্রতিষ্ঠানকে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে এবং তারা বিষয়টি আদালত পর্যন্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইসিসি ইতোমধ্যে পিসিবিকে সম্ভাব্য গুরুতর পরিণতির কথা জানিয়ে সতর্ক করেছে এবং স্পষ্ট করে দিয়েছে-নির্বাচিত অংশগ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তবে টেলিকম এশিয়া স্পোর্টসের সূত্র অনুযায়ী, পাকিস্তান সরকার সম্ভাব্য পরিণতি নিয়ে আইনি পরামর্শ নিয়েছে এবং আইসিসির যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে পিসিবির পাশে থাকবে।
এদিকে, রোববার লাহোরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠকের আগে সাবেক পিসিবি প্রধান নাজাম শেঠির সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
প্রতিবেদনে বলা হয়, ‘শেঠি প্রধানমন্ত্রীকে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছেন। কারণ তার চেয়ারম্যান থাকাকালীন ২০১৬ সালেও ভারত একটি চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিল।’
এদিকে সোমবার পাকিস্তান দল কলম্বোর উদ্দেশে রওনা দেয় এবং সন্ধ্যায় শ্রীলংকায় পৌঁছায়।
পিসিবি ইঙ্গিত দিয়েছে, আইসিসির যেকোনো বৈঠকে তারা শক্ত অবস্থান নেবে। এ লক্ষ্যে মহসিন নাকভি দলের কর্মকর্তাদের সঙ্গে একজন আইনজীবীকেও বৈঠকে উপস্থিত থাকার অনুমতি দিয়েছেন, যাতে বিষয়টি সরাসরি ও কঠোরভাবে মোকাবিলা করা যায়।




