ট্রাম্পকে নিজের শান্তি পুরস্কার দিতে চান মাচাদো, যা জানাল নোবেল কমিটি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
নোবেল শান্তি পুরস্কার পেতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সে আশা পূরণ হয়নি। তবে যে ভেনেজুয়েলায় মার্কিন সেনা হানা দিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন তার বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদো শান্তি পুরস্কার পেয়েছিলেন। সেই পুরস্কার তিনি আগেই উৎসর্গ করেছিলেন ট্রাম্পকে। এ বার সরাসরি তা তুলে দিতে চান মার্কিন প্রেসিডেন্টের হাতে। যা শুনে প্রতিক্রিয়া জানাল নোবেল কমিটি।
ট্রাম্প জানিয়েছিলেন, আগামী সপ্তাহে মাচাদো যুক্তরাষ্ট্র সফরে আসবেন। তখনই পুরস্কার নিয়ে আলোচনা করা যাবে। তিনি জানান, যুক্তরাষ্ট্র সফরের সময়ে ওয়াশিংটনেও আসবেন মাচাদো। যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের প্রতি ধন্যবাদ জানাতেই এই সফর বলেও দাবি করেন মার্কিন প্রাসিডেন্ট।
প্রসঙ্গত, আট মাসে আট বার যুদ্ধ থামিয়েছেন বলে একাধিকবার দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তার দাবি ছিল, প্রতিটি যুদ্ধ থামানোর জন্য তার একটি করে নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। আরও দাবি, এই সব বড় যুদ্ধ আদৌ যে কেউ থামাতে পারেন তা কেউ ভাবতেই পারেনি। বারাক ওবামা মসনদে বসার কয়েক দিনের মধ্যেই তার নোবেল পুরস্কার পাওয়া নিয়ে কটাক্ষ করে ট্রাম্প বলেছিলেন, ‘‘কিছুই করেননি।’’ নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ‘আমাকে পুরস্কার না দেওয়া বোকামি।’’
মাদুরো বন্দি হওয়ার পরে মাচাদো সেই পদ গ্রহণ করেননি। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন। ওই দেশের সঙ্গে আমেরিকার উত্তেজনা ও ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ে উত্তেজনা ‘সর্বোচ্চ’ পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতেই মাচাদো যাচ্ছেন মার্কিন মুলুকে।
তবে মাচাদো বা ট্রাম্প চাইলেই যে পুরস্কার হস্তান্তর সম্ভব নয়, তা স্পষ্ট করেছে নোবেল কমিটি। জানানো হয়েছে, শান্তি পুরস্কার কারও সঙ্গে ভাগ করা, প্রত্যাহার করা বা স্থানান্তরিত করা যায় না। বিবৃতি অনুযায়ী, পুরস্কার প্রাপকের নাম একবার ঘোষণা হয়ে গেলে ওই সিদ্ধান্ত সব সময়ের জন্য বহাল থাকবে।
সূত্র: আনন্দবাজার





