মাদুরোর সমর্থনে ভেনেজুয়েলায় বিক্ষোভ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
কারাকাসে রবিবার ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের হাতে আটক মাদুরো ও তার স্ত্রীর অবিলম্বে মুক্তি দাবি করেন বিক্ষোভকারীরা।
মাদুরোপন্থী সশস্ত্র গোষ্ঠীর সদস্য ও মোটরসাইকেল আরোহীরাও বিক্ষোভকারীদের সঙ্গে ছিলেন। তারা লাল-নীল-হলুদ রঙের ভেনেজুয়েলার জাতীয় পতাকা নাড়াচ্ছিলেন।
আরেকটি ব্যানারে লেখা ছিল, ‘ভেনেজুয়েলা কোনো দেশের উপনিবেশ নয়’। যা মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই ঘোষণার ইঙ্গিত করে, অজ্ঞাতকালীন একটি ‘সংক্রমণকাল’ চলাকালে ওয়াশিংটন দেশটি ‘পরিচালনা’ করবে।
৫৬ বছর বয়সী নাইরদা ইত্রিয়াগো ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকৃত ‘মাদক সন্ত্রাসী’ ট্রাম্প। মাদুরোকে গ্রেপ্তারের সময় তার প্রতিরক্ষাব্যবস্থা নিষ্ক্রিয় করতে যে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে, তাতে ‘নিরপরাধ মানুষ’ নিহত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
রাতের শেষ প্রহরে চালানো ওই হামলায় কতজন নিহত বা আহত হয়েছে—তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে ভেনেজুয়েলার হাসপাতালগুলো।
একটি চিকিৎসক সংগঠন জানিয়েছে, প্রায় ৭০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে।
কারাকাসের বিক্ষোভকারীরা ধারণা প্রকাশ করেন, মাদুরোর ঘনিষ্ঠ মহলের কোনো সদস্য বিশ্বাসঘাতকতা করেছেন, যার সুযোগে মার্কিন বিশেষ বাহিনী দেশের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ঢুকে তাকে আটক করতে পেরেছে।
মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা রবিবার সামাজিক মাধ্যমে প্রচারিত এক অডিও বার্তায়ও বাবার আশপাশে গুপ্তচর থাকার সন্দেহ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘ইতিহাস একদিন বলে দেবে, কারা ছিল সেই বিশ্বাসঘাতক।’





