সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার: তারেক রহমান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার বক্তব্যের শুরুর দিকে বলেন, ‘একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার।’
তিনি বলেন, এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। অর্থাৎ একটা নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী ও একজন পুরুষ এবং একজন শিশু যেই হোক না কেন—নিরাপদে ঘর থেকে বের হয়ে যেন নিরাপদে ফিরতে পারেন।’
তারেক রহমান বলেন, ‘৭১ এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।’
এর আগে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে গণসংবর্ধনা মঞ্চে উঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে সমাবেশস্থলে পৌঁছান তিনি। এরপর বক্তব্য রাখেন দলটির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশস্থলের দিকে রওনা দিয়েছেন তারেক রহমান
ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ৩০০ ফিটে সমাবেশস্থলের দিকে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা বাসে করে যাচ্ছেন তিনি। গাড়িটিকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এপিবিএন ও তার নিজস্ব নিরাপত্তা টিমের সদস্যরা। এদিকে এয়ারপোর্ট রোডের দুই পাশে বিপুল সংখ্যক মানুষ অবস্থান নিয়েছেন তাকে স্বাগত জানাতে। তারা নানা স্লোগান দিচ্ছেন। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা রয়েছে।
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন। প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থারও খোঁজখবর নেন। সেইসঙ্গে সরকারের দেয়া নিরাপত্তা ব্যবস্থায় সস্তুষ্ট হয়ে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।
তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এ সংক্রান্ত ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য।
একমুঠো মাটি হাতে তুলে নেন তারেক রহমান
বিমানবন্দর থেকে বেরিয়ে এসে সামনের বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় একমুঠো মাটি হাতে তুলে নেন তিনি। এরপর ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা বাসে সংবর্ধনা মঞ্চের দিয়ে রওনা দেন তারেক রহমান।
দেশে ফিরেছে তারেক রহমানের পোষা বিড়াল জেবু
দেশে ফিরেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পোষা বিড়াল জেবু। বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে জেবুর একটি ছবি পোস্ট করা হয়। ক্যাপশানে লেখা হয়, দেশে ফিরেছে জেবু।
তারেক রহমানকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেন শাশুড়ি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান তাঁর শাশুড়ি। তারেক রহমানের ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেন শাশুড়ি।এ সময় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।
ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান
ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১ টা ৩৯ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাস প্রমুখ।
এদিকে তারেক রহমান ও তার পরিবারকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান করছেন বিএনপির নেতা-কর্মীরা।
এর আগে তাকে বহনকারী বিমানটি গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১২টার দিকে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে থেকে দেশের উদ্দেশে যাত্রা করে। এরপর বৃহস্পতিবার সকাল ৯ টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। সেখান থেকে বেলা ১১টা ১১ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
এদিকে দলের কাণ্ডারিকে বরণ করতে বর্ণাঢ্য প্রস্তুতি নিয়েছে বিএনপি। ফেরার দিনটিকে অবিস্মরণীয় করে রাখতে স্মরণকালের বৃহত্তম সমাবেশের আয়োজন করছে দলটি। রাজধানীর তিনশ’ ফিট সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিমানবন্দরে নেমে সংবর্ধনাস্থলে আসবেন তারেক রহমান। সেখানে সারা দেশ থেকে আসা নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। ইতিমধ্যে সমাবেশস্থল লাখো নেতাকর্মীর ভিড়ে মুখরিত।
সংবর্ধনাস্থল থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপরই গুলশান এভিনিউ’র ১৯৬ নম্বর বাড়িতে ওঠার কথা রয়েছে তারেক রহমানের।





