শিগগিরই ভেনেজুয়েলায় স্থল অভিযানের পরিকল্পনা ট্রাম্পের
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৫:৫০ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলায় মাদক পাচার বন্ধ করতে খুব শিগগিরই একটি ‘স্থল অভিযান’ চালানো হবে। তবে দেশটির সরকার এটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। তাদের দাবি- শাসক পরিবর্তনের পরিকল্পনা হিসেবে ট্রাম্প এ পদক্ষেপ নিতে যাচ্ছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং ডে’র ছুটিতে ভিডিও কনফারেন্সে বিদেশে মোতায়েন সেনাদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘ক্যারিবীয় এলাকায় তারা মাদকবিরোধী অভিযানে কাজ করছেন এবং বেশ কয়েক সপ্তাহ ধরে এই কার্যক্রম চলছেই।’
তিনি বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনারা ভেনেজুয়েলার মাদক পাচার দমন করছেন। এসব পাচারকারীর সংখ্যা অনেক।’
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘আমরা সাগরপথে মাদক পাচার প্রায় বন্ধ করে দিয়েছি। প্রায় ৮৫ শতাংশ মাদক পাচার আটকানো সম্ভব হয়েছে। এবার আমরা চাইছি স্থলপথেও এই পাচার বন্ধ হোক। স্থলপথে সুবিধা বেশি এবং অভিযান খুব শিগগিরই শুরু হবে।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারে ব্যবহৃত নৌকায় হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে জানা গেছে, এসব হামলায় কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছেন। একই সময়ে ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের বি-৫২ এবং বি-১বি যুদ্ধবিমানগুলোও উড়েছে, যা অঞ্চলটিতে তাদের আকাশ শক্তি প্রদর্শনের অংশ।
এদিকে ভেনেজুয়েলার সরকার এই অভিযানকে মাদকবিরোধী নয়, বরং দেশটির শাসককে উৎখাত করার একটি প্রচেষ্টা হিসেবে দেখছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মাদকবিরোধী অভিযানে স্থল ও সাগরপথ-উভয় জায়গায় মনোযোগ দিচ্ছে। এটি মার্কিন সামরিক কৌশলের অংশ হিসেবেও ধরা হচ্ছে।





