ওসমানীনগরে জামায়াত নেতা মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানের বাড়িতে পুলিশের অভিযান
ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ
ওসমানী নগর উপজেলার অন্তর্গত ০৬ নং তাজপুর ইউনিয়ন শাখা জামায়াতের সাবেক সভাপতি, জামায়াত নেতা মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানকে গ্রেফতার করতে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ২৬ নভেম্বর ২০২৫ ইং রোজ বুধবার সকাল অনুমান ১১ ঘটিকার সময় ওসমানীনগর থানা পুলিশ উপজেলার বরায়া কাজিরগাঁও গ্রামের মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানের বাড়িতে এ অভিযান করে। তবে উক্ত অভিযানে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোনায়েম মিয়া জানিয়েছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা সুত্রে আরো জানা যায়, জামায়াত নেতা মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানের বিরুদ্ধে সিলেট কোতয়ালী মডেল থানায় ২০২৩ সালে দায়ের করা ১টি মামলায় আদালত হতে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা আছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পুলিশ এই অভিযান করেছে বলে উল্লেখ করেন। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, উক্ত পুলিশি অভিযানের সময় পুলিশ সদস্যরা মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানকে না পেয়ে তার পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করে এবং ভয় ভীতি প্রদর্শন করে।
উল্লেখ্য মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানের বিরুদ্ধে আদালত হতে গ্রেফতারী পরোয়ানা ইস্যু থাকায় তাকে গ্রেফতার করার লক্ষ্যে বারবার তার বাড়িতে পুলিশ অভিযান করে থাকে, যার ফলে মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানের পরিবারের সদস্যরা সর্বদা পুলিশি হয়রানির আতঙ্কে থাকেন বলে জানা যায়।

