দক্ষিণ সুরমায় সাউন্ড গ্রেনেড উদ্ধার
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৪:২০ অপরাহ্ণ
সিলেটের দক্ষিণ সুরমা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-৯। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এটি উদ্ধার করা হয়।
জানা গেছে, র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের মোল্লাগাঁও খিদিরপুর সাকিনস্থ সিলেট এলপিজি ফিলিং স্টেশনের দক্ষিণ পাশের মাঠে একটি পাকা ঘরের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ওই সাউন্ড গ্রেনেড উদ্ধার করে।
প্রাথমিক পর্যালোচনায় জানা গেছে, এটি গত বছর জুলাই বিপ্লব চলাকালীন সিলেট এলাকার বাংলাদেশ পুলিশের থানা থেকে লুটকৃত সাউন্ড গ্রেনেড, যা রায়ট নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত সাউন্ড গ্রেনেডটি জিডি মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। থানা থেকে লুটকৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব জানিয়েছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত র্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ২৫টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৫টি এয়ারগান উদ্ধার করেছে।
সিলেট সংবাদ/আবির





