সিলেটে স্বস্তি ফিরছে সবজিতে, স্থিতিশীল মুরগির দাম
সিকডে
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ
সিলেটে স্থানীয়ভাবে শীতকালীন সবজির উৎপাদন বেড়ে যাওয়ায় বাজারে দাম কমতে শুরু করেছে। কয়েক সপ্তাহ আগেও যে সবজিগুলোর দাম ছিল চড়া, এখন সেগুলো পাওয়া যাচ্ছে তুলনামূলক কম দামে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মুখে।
শনিবার (১ নভেম্বর) সকালে সিলেট নগরের বন্দরবাজার, আম্বরখানা এলাকার কয়েকটি হাট-বাজার ঘুরে দেখা গেছে ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, টমেটো, মূলা, লাল শাক, ধনেপাতাসহ বেশির ভাগ সবজির দাম গত সপ্তাহের তুলনায় কমেছে অনেকে।
সরজমিনের বাজার ঘুরে দেখাযায়, সপ্তাহের শুরুতেই আসতে শুরু করেছে নানা রকমের শীতকালীন সবজি। যার মধ্যে বাজারে শীমের দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে যা গত সপ্তাহে ছিল ৮০ থেকে ১০০ টাকা কেজি, টমোটো প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি, বাঁধাকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, যা গত সপ্তাহে ছিল ৮০ টাকা কেজি ও বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, তারমধ্যে স্থানীয় বেগুনের দাম বেশি সেটি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। এদিকে শীতের অন্যতম সবজি ফুলকপির দামে এসেছে বড় রকমের পরিবর্তন যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২০০ টাকা কেজিতে শনিবার তা বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে। তাছাড়া করলা ৬০ টাকা কেজি, লাউ প্রতি পিস ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে শাকের মধ্যে লাল শাক বিক্রি হচ্ছে প্রতি আটিঁ বিক্রি হচ্ছে ১৫ টাকা, পুইশাক প্রতি আটিঁ বিক্রি হচ্ছে ২০ টাকায়, ধনেপাতা বিক্রি হচ্ছে ১০০ গ্রাম ২০ টাকা।
এছাড়া বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে, মুখি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, বরবটি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে এবং মূলা ছ ৪০ টাকা কেজি, এছাড়া পটলের দাম কমে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে যা গত সপ্তাহে ছিল ৮০ টাকা। তবে বাজারে সবজির ক্ষেত্রে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গাজর, যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায় অথচ গত সপ্তাহে ছিল ১৩০ থেকে ১৫০ টাকা।
অন্যদিকে সিলেটে ব্রয়লার মুরগির দাম সপ্তাহ স্থিতিশীল অবস্থায় রয়েছে, যা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে, তবে লাল মুরগির দাম পিস প্রতি কমেছে ৫০ টাকা, গত সপ্তাহে যেটি ছিল ৬৫০ টাকা সেটি এখন বিক্রি হচ্ছে ৬০০ টাকা প্রতি পিস।
এছাড়াও ডিমের বাজারে মুরগির ডিমের দামে পরিবর্তন না আসায় এটি বিক্রি হচ্ছে ৪৫ টাকা প্রতি হালি তবে দাম বেড়েছে হাঁসের ডিমে, গত সপ্তাহে প্রতি হালি হাঁসের ডিম বিক্রি হয়েছিল ৫৫ টাকায় এখন সেটি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
তাছাড়া বাজারে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে, যা এখনও ৭৫০ টাকা কেজিতেই বিক্রি হচ্ছে।
বন্দরবাজার এলাকার কাঁচাবাজারে সবজি কিনতে আসা লোকমান আহমদ বলেন, বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করায় দাম গত সপ্তাহের তুলনায় কিছু কমেছে, ভালোই লাগছে আশা করি শীত আসতে আসতে দাম আরও কমে যাবে।
একইভাবে বাজার করতে আসা মুক্তা আক্তার বলেন, ভালোই আজকে দাম অনেকগুলো সবজির কমেছে, শীতকাল আসলে ভিন্ন ভিন্ন সবজি পাওয়া যায়, আজকে কিছুটা সহনীয় পর্যায়ে আছে তবে ফুলকপি এবং শীমের দাম আরও কিছু কমে গেলে সবার জন্য উপকারি হবে।
বন্দরবাজার এলাকার কাঁচাবাজারে সবজি বিক্রেতা লিটন দাস বলেন, সবজির দাম গেল সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অনেকটা কমেছে। স্থানীয়ভাবে সবজি উৎপাদন বাড়ায় আমাদের এখন অন্য জেলার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে না। তবে এখন যে দাম সেটি সবার নাগালের মধ্যে নেই তবে শীত আসতে আসতে সবজির দাম সবার নাগালের আওতায় চলে আসবে।
আম্বরখানা এলাকার আহমদ পোল্ট্রি দোকানের নুর হোসেন বলেন, ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে গত সপ্তাহের তুলনায় তবে লাল মুরগির দাম কমেছে। তাছাড়া মুরগির ডিম আগের মতোই বিক্রি হচ্ছে তবে হাঁসের ডিমে ৫ টাকা বেড়েছে।
সিলেট সংবাদ/আবির





