গোলাপগঞ্জে সাবেক জামায়াত নেতা আব্দুল হান্নানের বাড়িতে পুলিশের অভিযান
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১:০৬ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ উপজেলার আওই বানীগ্রাম নিবাসী সাবেক জামায়াত নেতা যুক্তরাজ্য প্রবাসী, আব্দুল হান্নানকে গ্রেফতার করতে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ সোমবার সকাল অনুমান ১১ ঘটিকার সময় গোলাপগঞ্জ থানা পুলিশ উপজেলার আওই বানীগ্রামস্হ আব্দুল হান্নানের বাড়িতে এ অভিযান করে। তবে উক্ত অভিযানে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মোল্লা জানিয়েছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা সুত্রে আরো জানা যায়, আব্দুল হান্নানের বিরুদ্ধে সিলেট কোতয়ালী মডেল থানায় ২০১৩ সালে দায়ের করা ১টি মামলায় আদালত হতে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা আছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পুলিশ এ অভিযান করেছে বলে উল্লেখ করেন। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, উক্ত পুলিশি অভিযানের সময় পুলিশ সদস্যরা আব্দুল হান্নানকে না পেয়ে তার পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করে এবং ভয় ভীতি প্রদর্শন করে।
উল্লেখ্য আব্দুল হান্নানের বিরুদ্ধে আদালত হতে গ্রেফতারী পরোয়ানা ইস্যু থাকায় তাকে গ্রেফতার করার লক্ষ্যে বারবার তার বাড়ীতে পুলিশ অভিযান করে থাকে, যার ফলে আব্দুল হান্নানের পরিবারের সদস্যরা সর্বদা পুলিশি হয়রানির আতঙ্কে থাকেন বলে জানা যায়।





