দুদকের নোটিশ ঝুলনো হলো অপসারিত মেয়র আনোয়ারুজ্জামানের বাসায়
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ
সিলেট সিটি করপোরেশনের অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের সম্পদের পূর্ণ বিবরণ ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছে। আজ রোববার দুপুরে দুদকের একটি তিন সদস্যের দল সিলেট নগরীর পাঠানটুলায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসার দরজায় এই নোটিশ টানিয়ে দেয়।
দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত এই নোটিশে বলা হয়েছে যে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের বিশ্বাস, আনোয়ারুজ্জামান চৌধুরী, তার স্ত্রী এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিরা স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬ এর উপধারা (১) অনুযায়ী তাদের সম্পদের বিস্তারিত বিবরণী দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। নোটিশে আরও সতর্ক করে বলা হয়েছে যে, নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে ব্যর্থ হলে অথবা মিথ্যা তথ্য প্রদান করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুদকের এই পদক্ষেপ অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্য নতুন করে আইনি জটিলতা তৈরি করলো।





