আম্বরখানায় সোনা রূপা ও বিদেশি টাকাসহ ২ যুবক আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ
সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে স্বর্ণ ও রূপার তৈরি অলংকার এবং বিভিন্ন দেশের মূদ্রা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌণে ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- জালালাবাদ থানার আখালিয়া ধানুয়াটারপাড়ের মৃত রহমত আলীর ছেলে জামাল মিয়া (৩৫) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার তাজপুর গ্রামের মুমিন মিয়ার ছেলে আমিন মিয়া (৩৩)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত পৌণে ১০টার দিকে আম্বরখানায় ট্রাফিক ডিউটিতে থাকাবস্থায় সার্জেন্ট মো. মামুন মিয়া ও সার্জেন্ট মেহেদী হাসান এয়ারপোর্ট থেকে আসা একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তিকে থামার সংকেত দেন। কিন্তু তারা মোটরসাইকেল না থামিয়ে দ্রুত এলাকা ত্যাগ করতে চাইলে ট্রাফিক সার্জেন্টরা ধাওয়া করেন। পরে আম্বরখানা ট্রাফিক পুলিশ বক্সের সামনে থাকা লোকজনের সহযোগিতায় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় বিষয়টি কোতোয়ালী থানাপুলিশকে অবগত করা হয়। পরে এসআই খালেদ হাসান তপুসহ সঙ্গীয় ফোর্সরা তল্লাশি করে তাদের কাছ থেকে স্বর্ণ ও রৌপালংকার এবং বিভিন্ন দেশের মূদ্রা জব্দ করা হয়।
তাদের কাছ থেকে পুলিশ যেসব জিনিস জব্দ করেছে তার মধ্যে রয়েছে- বাংলাদেশি সাড়ে ১৯ হাজার টাকা, ২৩১টি ১ টাকার কয়েন, ৩২০ ভারতীয় রূপি, ৩ কাতারি রিয়াল, ১টি পাকিস্তানি রূপি, বিভিন্ন দেশের প্রাচীন মূদ্রা ২৭৮টি, একটি সোনার কানের দুল, রূপার চেইন, রিংসহ মূল্যবান ধাতব সামগ্রী, পুরাতন ল্যাপটপ, দুটি মোবাইল ফোন সেট, রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল এবং প্লঅস, স্ক্রু ড্রাইভার, রেঞ্চ ও টেস্টারসহ বিভিন্ন সামগ্রী।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(ই)/২৫(উ) ধারায় মামলা রুজু করা হয়েছে।





