সিলেটে সড়ক ও ফুটপাত হকারমুক্ত করতে অভিযান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
সিলেট নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন যৌথভাবে অভিযান শুরু করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত চলা অভিযানে হকারদের আগামী ১৫ দিনের মধ্যে ফুটপাত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের ৫ আগস্টের পর হকাররা নগরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেন। এতে সাধারণ মানুষ চলাচলে ভোগান্তির শিকার হচ্ছিল। এ পরিস্থিতিতে গতকাল নগরের কিনব্রিজ, দক্ষিণ সুরমা, কোর্ট পয়েন্ট, বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় সরেজমিন অভিযান চালানো হয়। এ সময় কিনব্রিজ ও দক্ষিণ সুরমার যমুনা মার্কেটের সামনে থেকে হকারদের উচ্ছেদও করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। তারা জানান, হকারদের পুনর্বাসনের জন্য লালদিঘীরপাড় এলাকায় নির্ধারিত স্থানটি সংস্কার করে শিগগিরই ব্যবসার উপযোগী করা হবে। ওই সময়সীমার পর আর কোনো হকারকে সড়ক বা ফুটপাতে বসতে দেওয়া হবে না।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার জানান, ‘পুনর্বাসনকেন্দ্র সংস্কার শেষ হলে স্বল্প সময়ের মধ্যে হকারদের সেখানে স্থানান্তর করা হবে।’
জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, ‘শহরটা আমাদের সবার। হকার সমস্যা সিলেটের প্রধান সমস্যা। দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু হবে এবং খুব শিগগিরই শহর হকারমুক্ত হবে।





