সৌদিতে রোজার তারিখ ঘোষণা
সিকডে
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৪, ১২:৪৩ অপরাহ্ণ
এবার রোজার তারিখ ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটিতে সোমবার (১১ মার্চ) থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। সেই হিসেবে রবিবার (১০ মার্চ) রাতেই তারাবি নামাজ পড়া হবে। এরপর সোমবার ভোরে সেহরি খেয়ে প্রথম সাওম শুরু করবেন দেশটির মুসলিমরা।
স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের খোঁজ শুরু হয়। এসময় চাঁদ দেখার জন্য খালি চোখের পাশাপাশি অত্যাধুনিক টেলিস্কোপও ব্যবহার করা হয়। সুদাইর নামক একটি অঞ্চলে সবচেয়ে বড় প্রস্তুতি নেয়া হয়। সেখানে উপস্থিত হন সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ খুদাইরি। বিস্তর মরুভূমিতে মঞ্চ তৈরি করে সেখানে সারি সারি চেয়ার বসানো হয়। ওইস্থান থেকেই চাঁদ দেখার চেষ্টা করা হয়।
এছাড়া তুমাইরেও প্রায় সমান প্রস্তুতি নেয়া হয়। তবে দুপুরের একটু পর সেখানে ধূলিঝড় শুরু হয়। এতে খালি চোখে চাঁদ দেখার বিষয়টি নিয়ে শঙ্কা তৈরি হয়। কিন্তু পরবর্তীতে আবহাওয়া আবার ঠিক হয়ে যায়।
সন্ধ্যা ৬টার কিছু আগে প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদারি জানান, “এমন আবহাওয়ায় সুদাইয়ের মাজমা বিশ্ববিদ্যালয় জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ থেকে রমজানের চাঁদ দেখা সম্ভব নয়।” কিন্তু পরবর্তীতে চাঁদের দেখে মেলে। এরপর পবিত্র কাবাভিত্তিক ফেসবুক পেজ ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায়, মেঘের ঘনত্বের কারণে দেশের কোথাও চাঁদ দেখা সম্ভব হয়নি এবং কোথাও থেকে চাঁদ দেখার তথ্য আসেনি। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়। ফলে সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
এদিকে, সৌদি ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ রমজান শুরুর তারিখ ঘোষণা দিয়েছে। এরমধ্যে রোজা শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। ভৌগলিক অবস্থান এবং চাঁদ ওঠার সাপেক্ষে অস্ট্রেলিয়া প্রায়ই বিশ্বের প্রথম দেশ হিসেবে রমজান শুরুর ঘোষণা দেয়। অস্ট্রেলিয়া যেহেতু পূর্ব গোলার্ধে অবস্থিত এবং অন্যান্য অনেক দেশের তুলনায় এর সময় এগিয়ে থাকে, তাই প্রায়ই পশ্চিম গোলার্ধের দেশগুলোর তুলনায় এখানে ইসলামিক চন্দ্র মাস আগে শুরু হয়।
ব্রুনেইতে চাঁদ দেখা না যাওয়ার কারণে মঙ্গলবার রমজান মাস শুরু হবে। মালয়েশিয়ায়ও চাঁদের দেখা না যাওয়ার কারণে মঙ্গলবার প্রথম রোজা পালন করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ও ঘোষণা দিয়েছে যে, আগামীকাল সোমবার হবে শাবান মাসের ৩০ তারিখ। তাই মঙ্গলবার রমজান মাসের প্রথম দিন।
আন্তর্জাতিক/হা





