সিলেটবাসী তাঁর কাছে কিছু চাইতে হয় না, চাওয়ার আগেই দিয়ে দেন: নানক
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৩, ৪:১৫ অপরাহ্ণ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সকল প্রস্তুতিতে সন্তুষ প্রকাশ করে বলেছেন, সিলেট আমাদের পূন্যভূমি, এই পূন্যভূমি থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিবার নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন। তিনি সবসময় সিলেটবাসীর প্রতি আন্তরিক। তাঁর কাছে কিছু চাইতে হয় না, চাওয়ার আগেই তিনি দিয়ে থাকেন। সিলেটবাসীকেও তিনি অনেক কিছু দিয়েছেন। সিলেটসহ পুরো দেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে তিনি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। এইসব পরিকল্পনা বাস্তবায়নে সিলেটবাসী সাথে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জাহাঙ্গীর কবির নানক।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনি জনসভাস্থল পরিদর্শন শেষ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফলে সিলেটবাসীর সহযোগিতা কামনা করে নানক বলেন, আগামীকালকে আলিয়া মাদ্রাসার মাঠে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ নেবে। এই জনসভার মধ্য দিয়ে প্রমাণ হবে এবারও সিলেটের সব কয়টি আসন সিলেটবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবে।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন, জেলার সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
প্রসঙ্গত, বুধবার (২০ ডিসেম্বর) হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নগরীর আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি জনসভার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বাংলাদেশ আওয়ামী লীগ। এই জনসভায় বক্তব্য রাখবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জনসভাকে ঘিরে দলের নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
রাজনীতি/হান্নান





