হরতালের আগের রাতে ৮ যানবাহনে আগুন
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ১২:৫৬ অপরাহ্ণদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের আগের রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আটটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকার কাফরুলে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় এক কিশোরকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। রাত পৌনে আটটার দিকে গুলিস্তান টোলপ্লাজার সামনে কমল পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৯টায় চট্টগ্রামের বহদ্দারহাটে একটি বাসে, পৌনে ১০টায় জয়পুরহাটে একটি পিকআপ ভ্যানে, রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনার কেন্দুয়ায় আরেকটি পিকআপ ভ্যানে, রাত সাড়ে ১১টায় কুমিল্লায় একটি বাসে, রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে আরেকটি বাসে আগুন দেয়া হয়। এছাড়া গত রাত ১২টার দিকে মিরপুরের কালশীতে আরেকটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।
প্রসঙ্গত, রবিবার (১৯ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। বিএনপির এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে পৃথকভাবে হরতাল পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ গণঅধিকার পরিষদ, লেবার পার্টি ও এলডিপি।
শনিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৪৮ ঘণ্টার হরতালকে সাফল্যমণ্ডিত ও সর্বাত্মক শান্তিপূর্ণভাবে পালনের জন্য সারা দেশের নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনারা সাহস নিয়ে বুক চিতিয়ে রাজপথে দাঁড়াবেন। সমমনা দল, জোট ও গণতন্ত্রকামী সকল মানুষকে এই হরতাল পালনের আহ্বান জানাচ্ছি।
রাজনীতি/হান্নান






