জগন্নাথপুরে শান্তি মিছিল ‘ সুনামগঞ্জ -৩ আসনে আ.লীগের উত্তরাধিকার চাই’
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ
সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডনের নেতৃত্বে বিশাল শান্তিমিছিল ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার বিকেল ৩ টায় জগন্নাথপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যবাজারে এক উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রশীদ ভুইয়ার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবীব ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন।
এ সময় বক্তারা বলেন, আমরা সুনামগঞ্জ – ৩ আসনে আওয়ামী লীগের উত্তরাধিকার চাই। এ অঞ্চলে বিএনপি- জামাত দিয়ে আওয়ামী লীগ চালানো হচ্ছে। ১৯৫৪ সাল থেকে এ মাটির সন্তান মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। মহান মুক্তিযুদ্ধে বিশ্বে জনমত গড়ে তুলেছেন। স্বাধীন দেশে সকল আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন তিনি। তাঁর যোগ্য উত্তরাধিকার আজিজুস সামাদ আজাদ ডনকে আগামি দিনে সুনামগঞ্জ- ৩ আসনে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য শেখ হাসিনার প্রতি উদাত্ত আহবান জানান।
আজিজুস সামাদ ডন বলেন, বিস্ময়কর সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ ধারা অব্যাহত রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনার প্রতি ভরসা রেখে দলের জন্য কাজ করতে হবে। সব সময় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আমার আস্থা ছিল। আজীবন আস্থা রাখতে চাই।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা কখনো ভুল করেন না, যথাসময়ে যোগ্য ব্যাক্তিকে যোগ্য স্থানে বসাবেন। দরকার শুধু আওয়ামী লীগের ঐক্যের। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, মুক্তাদির আহমদ মুক্তা, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মাসুদ মিয়া, শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোলেমান তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মজিদুর রহমান মধু, জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা হামিদুর রহমান প্রমুখ।





