আ.লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি, জামায়াতকে নয়
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩, ৮:৫২ অপরাহ্ণসমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের করতে পারবে। তবে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেয়ার বিষয়টি জানানো হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান রাত ৮টার দিকে গণমাধ্যমকে বলেছেন, বিএনপিকে কয়েকটি শর্তসাপেক্ষে নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। শনিবার আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।
শনিবার রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল জামায়াতে ইসলামী। তবে তাদের অনুমতি দেয়া হয়নি। মহাসমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের পক্ষ থেকে ডিএমপি কমিশনারকে চিঠি দেয়া হয়েছিল। তবে আগেই ডিএমপি জানিয়েছিল জামায়াতকে অনুমতি দেয়া হবে না। আজও ডিএমপির সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেয়া হবে না। অবশ্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেছেন, অনুমতি না পেলেও তাঁরা মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণাটি দিয়েছিল গেল ১৮ অক্টোবর। এরপর আওয়ামী লীগও একই দিন ঘোষণা দেয় যে তারা ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। এই পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনাকর বক্তব্য দেয়া হয়েছে। এরফলে মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
রাজনীতি/হান্নান






