দোয়ারাবাজারে ৫৫ হাজার শিশু পাচ্ছে কৃমিনাশক ট্যাবলেট
সোহেল মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৩, ৫:৪০ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজারে ৮-১৪ অক্টোবর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮অক্টোবর) সকালে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দিনব্যাপী কৃমিনাশক ট্যাবলেট বিতরণের এই কর্মসূচীর উদ্ভোধন করা হয়।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়,এ সপ্তাহে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৫৫ হাজার শিক্ষার্থী কৃমিনাশক ট্যাবলেট পাবে। লক্ষমাত্রা ছিলো ৬১ হাজার।
সপ্তাহ চলাকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ৫-১৬ বছরের সব শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট (মেবেন্ডাজল ৫০০ মি.গ্রাম) খাওয়ানো হবে। এটি খালি পেটে খাওয়ানো যাবে না। খাওয়ার পর শিশুরা বমি করলে ভয়ের কিছু নেই। কৃমি মানুষের পেটে পরজীবী হিসেবে বাস করে এবং খাবারের পুষ্টিটুকু খেয়ে ফেলে, তাই মানুষ পুষ্টিহীনতায় ভোগে। এটি শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবু সালেহীন খাঁন বলেন, ‘শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বিরতিতে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। জনস্বার্থের জন্য এই উদ্যোগকে সফল করতে আজ থেকে উপজেলায় সবকয়টি প্রাথমিক-মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো শুরু হয়েছে। সবার অন্তর্ভুক্তিমূলক প্রচেষ্টার দ্বারা জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ সফল হবে বলে আশা করা যায়। সুস্থ জাতি গঠনে সরকারের এ উদ্যোগ বিশেষ অবদান রাখবে।’
তিনি জানান,রবিবার ৮অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ চলাকালে দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৬১ হাজার জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সারাদেশসংবাদ/হান্নান






