বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ৪:৫৪ অপরাহ্ণ
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা আবার কোথাও হচ্ছে ভারী বৃষ্টি। এই বৃষ্টিতে ভোগান্তির পাশাপাশি নেমে এসেছে স্বস্তিও। গত কয়েকদিনের ভ্যাপসা গরম এখন একেবারেই নেই। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। তবে টানা নয়, থেমে থেমে নানা অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘শুক্রবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। শনিবার থেকে বৃষ্টি কমে আসবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়লেও আগের মতো ভ্যাপসা গরম আর পাওয়া যাবে না। তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’
আবহাওয়া অধিদফতর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশেপাশের বাংলাদেশের উত্তরপশ্চিমাংশে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে বিস্তৃত রয়েছে আসাম পর্যন্ত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দেশের কোথাও কোথাও।
আগামীকাল শুক্রবারের পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বরিশালের খেপুপাড়া ১৭৩ মিলিমিটার। এছাড়া ঢাকায় ৪৩, রাজশাহীতে ১৬৬, রংপুরে ৫৭, ময়মনসিংহে ৪৭, সিলেটে ১০, চট্টগ্রামে ১৮, খুলনায় ১৬ এবং বরিশালে ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
সারাদেশ/আবির





