দোয়ারাবাজার সীমান্ত দিয়ে আসা ৩৬ চোরাই গরুসহ আটক ৮
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৮:৩১ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ভারতীয় ৩৬ টি গরুসহ আটজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে গরু পাচারে ব্যাবহিত ইঞ্চিন চালিত স্টিলবডি নৌকা।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামের ছোয়াব আলীর পুত্র বাবুল হোসেন (২৮),মৃত আব্দুল মনাফের পুত্র জামাল মিয়া (৫০),মৃত মখলিছ আলীর পুত্র আলা উদ্দিন আলাল (৩০),ভবানীপুর (জাঙ্গালা পাড়া)গ্রামের সৈরত আলীর পুত্র আব্দুল বাছির মিয়া (৩৮)কে চোরাই পথে আসা ভারতীয় ১৪টি গরুসহ আটক করে পুলিশ।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে উপজেলার খাসিয়ামারা নদীর টিলাগাঁও এলাকায় নৌকাঘাটে অভিযান পরিচালনা করে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের আন্ধাইরগাঁও গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র আব্দুল কাদির (২৭),বাঘাহানা গ্রামের করিম খাঁন’র পুত্র বাচ্চু খাঁন (৪৫), মৃত লোকমান শেখ’র পুত্র আফছর উদ্দিন (৫০) ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চানপুর (আবরহাটি) গ্রামের আমীর হোসেনের পুত্র রাদেন মিয়া (২২)কে ভারতীয় ২২ টি গরু ও গরু পরিবহনে ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত স্টিলবডি নৌকাসহ আটক করে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার(২৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে ছাতক সার্কেল সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ও দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান’র নেতৃত্বে এসআই মোহাম্মদ আতিয়ার রহমান,এসআই মোহাম্মদ সম্রাজ মিয়া ও এসআই মুহাম্মদ আছলাম উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় বোগলাবাজার টু দোয়ারাবাজার সড়কের
গিরিশনগর মসজিদের সামনে ও টিলাগাওঁ গ্রামের নৌকা ঘাটে পৃথক দুইটি অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৩৬ টি গরু,একটি স্টিলবডি নৌকাসহ ৮ জন চোরাকারবারিকে আটক করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে সীমান্ত দিয়ে আনা ৩৬ টি গরুর বাজার মূল্য প্রায় ২১ লক্ষ ৬০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আটক আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সারাদেশসংবাদ/হান্নান






