দোয়ারাবাজারে জামায়াত নেতা হাফিজ আমির উদ্দিন’র ইন্তেকাল
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ৭:৩৮ অপরাহ্ণ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি প্রবীন জামায়াত নেতা হাফিজ আমির উদ্দীন (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১ টায় নরসিংপুর গ্রামে তার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।বিকেল ৫টা ৩০ মিনিটে নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে তার জানাযা সম্পন্ন হয়। অত:পর পঞ্চায়েতি কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৭ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান।
জানাজা পূর্ব সমাবেশে মরহুমের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে আলোচনা রাখেন ডা: হারুনুর রশিদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, মাওলানা সাদিকুর রহমান, হাজি আতাউর রহমান, মরহুমের ভাই মাস্টার মনির উদ্দিন, ঈসমাইল আলী প্রমুখ। জানাজায় ইমামতি করেন মরহুমের পুত্র মাওলানা ক্বারী আলী হোসেন।
জানা গেছে, মরহুম হাফিজ আমির উদ্দিন জীবদ্দশায় অনেক মসজিদে ইমামতি করেছেন। তিনি শতশত হাফিজ ও আলেমের ওস্তাদ।
তিনি বাংলাদেশের সবুজ ভূখন্ডে কোরআনের রাজ কায়েমের এক নিরলস কর্মী ছিলেন। এলাকায় দ্বীনের চর্চা বৃদ্ধিতে অনেক কাজ করে গেছেন। মাঠ পর্যায়ের একজন দা’য়ী হিসেবে তার অবদান অনস্বীকার্য। তার হাতে গড়া অনেক ব্যক্তি আজ দ্বীনি আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের অন্যতম উদ্যোক্তা ছিলেন হাফিজ আমির উদ্দিন । ইত্তেহাদুল কুররা দারুল ক্বেরাত প্রশিক্ষণ নরসিংপুর কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। হাফিজ আমির উদ্দিন এক দু:সময় ও বৈরী পরিবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংপুর ইউনিয়ন শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করেন। সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) এর উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও ছিলেন তিনি।
এদিকে প্রবীণ এই জামায়াত নেতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলা শাখার আমীর ডাঃ হারুন অর রশীদ ও সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সারাদেশসংবাদ/হান্নান






