১৮ বছর পর দোয়ারাবাজারে কেরাম খেলাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় ৭ জনের যাবজ্জীবন
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৩, ১০:৫৮ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজারে কেরাম বোর্ডের গুটি চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজনকে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সুনামগঞ্জ আদালত।
রোববার (২০ আগস্ট) সুনামগঞ্জ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ( ২য়) বিচারক ঝলক রায় এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামীরা হলেন দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের আনর আলী,আফতাব উদ্দিন, মতিন মিয়া ,নুরুল হক,মংলা মিয়া, হেলাল উদ্দিন ও সিরাজ আলী।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম মোস্তফা।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামে সড়কের পাশে মুদিমালের দোকান দিয়ে ব্যবসা করতেন একই গ্রামের মাসুক মিয়া ও হুশিয়ার আলী। ঘটনার দিন বিকেলে হুশিয়ার আলী মাসুক মিয়ার কাছে কেরাম খেলার জন্য গুটি চাইলে মাসুক মিয়া গুটি না দেয়ায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এই জেরে সন্ধার দিকে হুশিয়ার আলী ও তার সহযোগী আসামীরা দলবদ্ধ হয়ে মাসুক মিয়া ও তার পরিবারের লোকজনদের উপর হামলা চালায়। একপর্যায়ে মাসুক মিয়ার চাচা জামাল উদ্দিনের বুকে আসামীরা সুলফি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে যাবার পথে মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রউফ বাদী হয়ে ১৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ বিচারকার্য শেষে রোববার সুনামগঞ্জ আদালত আসামী ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। বাকী ২ জনকে ১ মাস করে, ৩ জনকে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ৫ জন আসামী এজলাসে উপস্থিত ছিলেন বাকি মংলা ও হেলাল মিয়া পলাতক রয়েছেন।
সারাদেশসংবাদ/হান্নান






