বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ নয়: দোয়ারাবাজারে স্বাস্থ্যমন্ত্রী
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৩, ৪:৫৩ অপরাহ্ণস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করেই গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান মোতাবেক এ দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোন বিকল্প নেই। তিনি বলেন, বিএনপি তথা একটি গোষ্ঠি ক্ষমতার লোভে দেশে আগের মতো নৈরাজ্য করে দিয়েছে। তারা এখনো রাস্তায় গাড়ি পোড়ায়। অতীতেও ক্ষমতায় যাওয়ার জন্য তারা মানুষ পুড়িয়ে মেরেছে। তারা স্বাধীনতা বিরোধী। তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে।
গতকাল (৩০ জুলাই) রোববার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি এ দেশই চায় না’ বলেই আজও তারা বঙ্গবন্ধুকে মানে না,জয় বাংলা বলেনা। তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়।’
গত বছর বন্যা ও বৃষ্টিপাত বেশি থাকায় মশা বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতিটা হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য আলাদা বেড রাখা হয়েছে। মাত্র ৫০ টাকায় ডেঙ্গু জ্বরের টেস্ট করা হচ্ছে।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী জাহিদ মালেক বলেন, কমিউনিটি ক্লিনিকের সেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব স্বীকৃতি পেয়েছে। স্থানীয় সহযোগিতা পেলে উপজেলা পর্যায়ের প্রতিটি কমিউনিটি ক্লিনিককে উন্নীতকরণের ব্যবস্থা করা হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে অনুষ্ঠানের শেষে তিনি উপস্থিত সকলকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
সুনামগঞ্জ ৫-(ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে ও দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবু সালেহীন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন-স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শামিউল ইসলাম, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শরিফুল হাসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সিভিল সার্জন ডা. আহমদ হোসেন,দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালেহা বেগম মিনা,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মূর্শেদ মিশু,সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড ফয়সাল আহমদ,ওসি দেবদুলাল ধর
প্রমুখ।
সিকডে/হান্নান






